।। লিটল ম্যাগাজিনের ক্রমবিবর্তনে ' বাণিজ্যিক ' বনাম ' লিটল' এর দ্বন্দ্ব ।।



সুশোভন রায়চৌধুরী



লিটল ম্যাগাজিন পরিভাষা কোনো বাংলা শব্দ নয়। অবশ্যই একটি অ্যাঙ্গলো আমেরিকান শব্দ যার উৎপত্তি আমেরিকার মাটিতেই। এই পরিভাষার মাধ্যমে শ্রেণিভুক্ত পত্রিকা একসময়ে উদ্বুদ্ধ হয়েছে ইয়োরোপীয় আভাঁ গার্দে, যে দর্শন তার নিজ ক্ষমতা বলেই ছড়িয়েছে সারা বিশ্বব্যাপী, আর বিভিন্ন ভাষার নিরিখে বদলেছে পরিভাষাও। যেমন জাপানিতে জাশ্যি, গ্রীকে এফিমেরা, ফরাসিতে পোতি হ্রভু কিংবা স্প্যানিশে হয়ে দাঁড়ায় রিভিস্তা। ভারতীয় লিটল ম্যাগাজিনের সঙ্গে বিশ্বের যে কোনো দেশের লিটল ম্যাগাজিনের একটি মৌলিক পার্থক্য আছে। বিশ্বের যে কোনো দেশের প্রকাশনা একটি মাত্র ভাষাকে কেন্দ্র করে এগোয় কিন্তু ভারত হলো বহুভাষিক ও বহুমাত্রিক সংস্কৃতির দেশ। ফলে ভারতীয় লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে যে ভাষিক ও সাংস্কৃতিক আদান প্রদান আমরা দেখতে পাই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে তা বিশ্বের অন্যান্য দেশের লিটল ম্যাগাজিনে সহজে পাওয়া যায় না। পাশ্চাত্য লিটল ম্যাগাজিন বিভিন্ন ভাষার অনুবাদের কাজ করে ঠিকই, পরীক্ষা- নীরিক্ষার ক্ষেত্রেও পিছিয়ে নেই কিন্তু সেই একই দেশের অঞ্চল ভেদে ভাষা ও সংস্কৃতির আমূল পরিবর্তন একমাত্র ভারতেই দেখা যায়। আমাদের আলোচনার বিষয় ভারতীয় ও বিদেশি লিটল ম্যাগাজিনের পার্থক্য নিয়ে নয়। আমরা বুঝতে চাইছি আন্তর্জাতিক স্তরে ' লিটল ম্যাগাজিন ' পরিভাষার ক্রমবিবর্তন। বুঝতে চাইছি লিটল ম্যাগাজিনের পরিসরে ' বাণিজ্যিক ' বনাম ' লিটল' এর দ্বন্দ্বকে।


লিটল ম্যাগাজিন পরিভাষার বিবর্তন দেখতে গেলে আমাদের প্রথমেই দেখা দরকার, এই পরিভাষার জন্ম স্থান আমেরিকাতে লিটল ম্যাগাজিন বিষয়ক যে সমস্ত বই প্রকাশিত হয়েছে, প্রকাশিত হয়েছে লিটল ম্যাগাজিনের বিবলিওগ্রাফিক্যাল ইন্ডেক্স, সেখানে ঠিক কোন চারিত্রিক বৈশিষ্টের পত্রিকা স্থান পেয়েছে। কীভাবেই বা সংযোজিত ও বিয়োজিত হয়েছে ইন্ডেক্সিং এ লিটল ম্যাগাজিনের নাম।

' To persue the different strains of heredity,to separate the tangled criss-cross of influences,when the subject is not even as dependable concrete as a man, but only one of the more, illusive and unsubstantial of man' s expression, is a pretty nearly hopeless task. '

জানুয়ারি ১৯৩০ সালে এই কথাগুলো লিখেছিলেন উইলিয়াম ট্রয়, তাঁর বুকম্যান প্রকাশিত ' The story of Little Magazines ' বইতে। দুর্ভাগ্য হলেও সত্যি, লিটল ম্যাগাজিন বিষয়ক যে কোনো গবেষণা, ইন্ডেক্সিং কিংবা আলোচনা এমন একটা বিষয় যাকে সেই তিরিশের দশকে দাঁড়িয়েই উইলিয়াম ট্রয় বলে দিচ্ছেন ' হোপলেস '। তার পরেও সমগ্র বিশ শতক জুড়ে আমরা দেখেছি ছোটো- বড়ো, রোমান্টিক - মডার্ন, অনুভূতিশীল অথবা তীব্র প্রতিক্রিয়াশীল পত্র- পত্রিকার প্রকাশ হতে। আর একই সঙ্গে প্রকাশিত লিটল ম্যাগাজিন বিষয়ক বিভিন্ন বই ও ডিরেক্টরি যেখানে লেখক ও সম্পাদকেরা করতে চেয়েছেন আমেরিকার মাটিতে প্রকাশিত লিটল ম্যাগাজিনের শ্রেণিবিন্যাস, যা ট্রয়ের করা মন্তব্য অনুসারে প্রায় দূরুহ বিষয়!


Ephimeral Bibelots : A bibliography of modern chapbooks and their imitators 

 
১৮৯০ থেকে ১৯১০ এর মধ্যে আমেরিকাতে ঢল নেমেছিল পত্রিকা প্রকাশের যদিও সেগুলো সাময়িকী নাকি লিটল ম্যাগাজিন তা নিয়ে প্রতর্ক চলতেই পারে। বিশ শতকের একেবারে শুরুতেই, অর্থাৎ ১৯০৩ সালে ফ্রেডারিক উইনথ্রপ ফ্যাক্সন, প্রকাশ করলেন তাঁর বই ' Ephimeral Bibelots : A bibliography of modern chapbooks and their imitators '. প্রকাশক বোস্টন বুক কোম্পানি। এই বইতেই তিনি লিখেছেন, ' The influence of the small,artisically printed periodicals variously called Chapbooks,Ephemerals, Bibelots, Brownie Magazines, Fadazines, Magazettes, Freak Magazines ' শীর্ষক ভূমিকা। তাঁর ব্যবহৃত শব্দ ' the small artistically printed periodicals ' ও সেগুলির চলতি কিছু নামের মধ্যে ' Ephemeral ' এর উল্লেখ তাৎপর্যপূর্ণ। এই বইটিই ছিল আমেরিকান লিটল ম্যাগাজিন ইতিহাসে প্রথম ডিরেক্টরি তৈরির প্রয়াস। ১৯৩০ সালে ' Contact ' পত্রিকার সম্পাদক উইলিয়াম কার্লোস উইলিয়ামস শুরু করলেন তাঁর পূর্বে প্রকাশিত পত্র- পত্রিকার তালিকা তৈরির কাজ। এই তালিকা তৈরির জন্যে বহু তথ্যই তিনি গ্রহণ করেছিলেন তাঁর পাঠকদের থেকে ও সংগৃহীত তথ্য অনুসারে তালিকাভুক্ত পত্রিকার প্রকাশ তারিখের ক্ষেত্রে পাওয়া যায় বহু ভুল- ভ্রান্তিও। আমেরিকান লিটল ম্যাগাজিন ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য ডিরেক্টরির প্রকাশ চল্লিশের দশকে ফ্রেডারিক হফম্যান, চার্লস অ্যালেন ও ক্যারোলিন উলরিচের সম্পাদনায়, ' The Little Magazine : A History and Bibliography ' যেটি ১৯৪৬ এ প্রিন্সটন বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত। এই বইতে তালিকাভুক্ত হয়েছে ১৮৯৫ থেকে ১৯৪৫ এর মধ্যে প্রকাশিত আমেরিকান ও ব্রিটিশ লিটল ম্যাগাজিন। এই বইটির আকর গ্রন্থের মর্যাদা পাওয়ার অন্যতম কারণ তার সময়কাল পুরোপুরি ভাবেই বিশ্বসাহিত্যের মডার্নিজমকে ধরে রাখে। বইতে শুধুমাত্র তালিকা নয় প্রকাশিত হয়েছে লিটল ম্যাগাজিন বিষয়ক বেশ কিছু বিশ্লেষণাত্মক প্রবন্ধও। এটিকে যতই আকর গ্রন্থের মর্যাদা দেওয়া হোক না কেন, লিটল ম্যাগাজিনের আন্তর্জাতিক গবেষকেরা প্রায় প্রত্যেকেই একমত বইয়ের বেশ কিছু ডিমেরিট সম্পর্কে। প্রথমত, বইয়ের শুরুতেই সম্পাদক ত্রয়ী স্বীকার করেছেন লিটল ম্যাগাজিনের শ্রেণিবিন্যাসগত জটিলতাকে আর একই সঙ্গে উদ্দত হয়েছেন শ্রেণিবিন্যাস ও জেনারালাইজেশনে। এই বইয়ে, হফম্যান বোঝাতে চেয়েছেন, independent magazine মাত্রই তা বৈপ্লবিক, প্রথাবিরোধি ও অবাণিজ্যিক। কিন্তু বর্তমানে ডিজিটাইজেশন হওয়ার ফলে বিভিন্ন পত্রিকাগুলি যত উঠে আসছে মানুষের হাতে, ততই দেখা যাচ্ছে independent magazine গুলি অবাণিজ্যিক হলেও তাদের অনেকের কনটেন্টই প্রতিষ্ঠানবিরোধি নয়। এরপরেও হফম্যানের বইটি আকর গ্রন্থের মর্যাদা পেয়েছে, কারণ এই নির্দিষ্ট সময়কালের নিরিখে লিটল ম্যাগাজিন ডকুমেনটেশনের কাজ খুবই কম সংখ্যক। আরও একটি সম্ভব্য কারণ বোধ হয়, ডিজিটাইজেশন পরবর্তী যুগে অগুনতি পত্রিকার ভিড়ে অপেক্ষাকৃত কম সংখ্যক অথচ গুরুত্বপূর্ণ নামগুলো পেয়ে যাওয়ার সুবিধে।

The Little Magazine : A History and Bibliography

 
পঞ্চাশের দশকে আমেরিকান লিটল ম্যাগাজিন বিষয়ক তত্ত্ব, বিশ্লেষণ ও আলোচনামূলক বইয়ের প্রকাশ সংখ্যায় হ্রাস পেলেও বেড়েছিলো ডিরেক্টরি প্রকাশের প্রবনতা। ১৯৫৬ থেকে ১৯৭৬ দীর্ঘ কুড়ি বছর নিয়মিত প্রকাশ পেয়েছে অ্যালেন সোয়ালো প্রেস কর্তৃক প্রকাশিত ' Index to Little Magazines '. থাকতো আলাদা চারটি খণ্ডে ১৮৯০ পরবর্তী লিটল ম্যাগাজিনের তথ্যপঞ্জি। এটি ছিল জাহিরুল হাসান সম্পাদিত ' সাহিত্যের ইয়ার বুক' এর মতোই যেখানে শুধু লিটল ম্যাগাজিন নয়, প্রকাশিত হয়েছে লেখকপঞ্জিও। ষাটের দশকে লিটল ম্যাগাজিন ডিরেক্টরির প্রকাশ অপেক্ষাকৃত ভাবে কমে ও বৃদ্ধি পায় লিটল ম্যাগাজিন বিষয়ক বই প্রকাশের সংখ্যা। ১৯৬৭ তে প্রকাশনী সংস্থা ক্রউস প্রিন্টিং অর্গানাইজেশন প্রকাশ করে ১০৪ টি দুষ্প্রাপ্য লিটল ম্যাগাজিনের ফ্যাক্সিমিলি সংস্করণ যার মধ্যে উল্লেখযোগ্য Fire!! ( ১৯২৬), Poetry, Poetry Journal, Penguin New Writing, Contact, Critical Quarterly, The Pagan, Twentieth Century Literature ইত্যাদি পত্রিকা। এখন প্রশ্ন, যে ১০৪টি পত্রিকার পুনর্মুদ্রণের কথা এই প্রকাশনী সংস্থা ভাবলেন তা কিসের নিরিখে? অর্থাৎ তাঁদের নির্বাচনের ক্রাইটেরিয়া কী ছিল? উত্তর হিসেবে দেখা যেতে পারে, পুনর্মুদ্রিত সংখ্যার ভূমিকায় লেখা অতি সাধারণ একটি লাইন, " each selected for the unique role it played in contemporary literature and criticism '. যার বাইরে কোনো বক্তব্যই আর পাওয়া যায় না। পাঠক হিসেবে তাহলে এরকম অনুমান করা কি ভুল হবে যে ১৯৬৭ তে রিপ্রিন্টের এই উদ্যোগ বেশ কিছু লিটল ম্যাগাজিনকে তার প্রকাশিত সাহিত্য ও সাহিত্য বিশ্লেষণের নিরিখে এগিয়ে রাখলো সমসাময়িক পত্রিকাগুলো থেকে? এরপর ১৯৬৮ তে লেখক ফ্রাঙ্ক লুথার মটের মৃত্যুর পর প্রকাশিত হলো তাঁর ' History of American Little Magazine' এর পঞ্চম খণ্ড যেটি প্রকাশের তোড়জোড় লেখক তাঁর জীবদ্দশাতেই করে গিয়েছিলেন। 

History of American Little Magazine' এর পঞ্চম খণ্ড

এই পঞ্চম খণ্ডে তিনি সংযোজন করেছিলেন সম্ভ্রান্ত ' মিড সার্কুলেশন লিটল ম্যাগাজিনের '। তাঁর মতে এই ' মিড সার্কুলেশন লিটল ম্যাগাজিন ' হলো সেই সমস্ত পত্রিকা যা তার চারিত্রিক বৈশিষ্টে প্রতিষ্ঠানবিরোধি ও আর পাঁচটা পত্রিকার পাঁচশো থেকে হাজার কপির প্রোডাকশন মার্জিন ছাড়িয়ে পৌঁছে যায় আড়াই থেকে পাঁচ হাজার পাঠকের কাছে। এই মিড সার্কুলেশন ক্যাটেগোরির শ্রেণিভুক্ত হলো The Smart Set ( ১৯৯০-১৯৩০), The American Mercury ( ১৯২৪-১৯৮১), The Little Review ( ১৯১৪-১৯২৯) ও হেরিয়েট মনরো সম্পাদিত Poetry ( ১৯১২ -)


সত্তরের দশকে আমেরিকায় আরও চড়তে শুরু করে প্রতিষ্ঠানবিরোধিতার সুর। ১৯৭৮ এ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক জার্নাল হিসেবে পরিচিত ' TriQuarterly ' প্রকাশ করে লিটল ম্যাগাজিন বিশেষ সংখ্যা। সংখ্যাটির নাম দিয়েছিলেন ' The Little Magazine in America : A Modern Documentary History '. এই সংখ্যার প্রচারে তাঁদেরকে দেখা গেলো ' a companion volume to 1946 Hoffman ' বলে সংখ্যাটিকে তুলে ধরতে। হতে পারে তখন থেকেই হফম্যানের বইটি আকর গ্রন্থের মর্যাদা পাচ্ছে? এই সংখ্যার সম্পাদকমণ্ডলী বলতে চেয়েছেন, একটি লিটল ম্যাগাজিনের অন্যতম চরিত্র হলো তার পারিপার্শিকতার সঙ্গে সাযুজ্য বজায় রাখা। তাঁদের মতে, একটি সমাজে যেমন বাণিজ্যিক পত্রিকা প্রকাশ পায় তেমনই প্রকাশিত হয় লিটল ম্যাগাজিন --- দু' ই সম্পূর্ণ ভিন্ন মেরুর মতাদর্শ থেকে। এর মধ্যে যদি কোনো একটি ধারার পত্রিকা বন্ধ হয়ে যায়, ব্যহত হতে পারে শিল্প ও সাহিত্যের সামাজিক ব্যালেন্স। পরীক্ষা- নীরিক্ষার মাধ্যমে যে বৈচিত্রময়তা লিটল ম্যাগাজিন নিয়ে আসে তা লিটলের অনুপস্থিতিতে হয়ে যেতে পারে একরৈখিক। আবার যদি হারিয়ে যায় বাণিজ্যিক প্রকাশনা ধসে পড়বে সাহিত্য ও শিল্প কেন্দ্রিক অর্থনীতি!


 
TriQuarterly র বিশেষ লিটল ম্যাগাজিন সংখ্যা প্রকাশের ঠিক দু' বছর আগে ক্রউস প্রিন্টিং অর্গানাইজেশন লিমিটেড প্রকাশ করেছিল নয় খণ্ড ব্যাপী বিশাল এক লিটল ম্যাগাজিন ডিরেক্টরি, ' Comprehensive Index to Little Magazines 1890-1970 '. এই ডিরেক্টরিতে ফেলিক্স পোল্লাকের লেখক ভিত্তিক লিটল ম্যাগাজিনের তালিকা তৈরির প্রচেষ্টা দেখা গেলেও বাদ পড়েছিল বহু পত্রিকার নাম। উদাহরণ হিসেবে দেখা যেতে পারে লেখক হার্ট ক্রেন- এর সঙ্গে সম্পৃক্ত লিটল ম্যাগাজিনের তালিকায় ' Double Dealer ' ও ' Twice A Year ' পত্রিকার নাম উল্লিখিত হলেও বাদ পড়েছে ' The Pagan ' যেখানে লেখক লেখেন তাঁর জীবনের প্রথম কবিতাটাই! The Pagan কিন্তু ১৯৪৬ এই হফম্যানের তালিকাভুক্ত হয়েছিল। ১৯৬৪ তে লেন ফুলটন সম্পাদিত ' Directory of Little Magazines ' এখনো প্রকাশিত হয়ে চলেছে। TriQuarterly অ্যাকাডেমিক জার্নালে ফুলটন সম্পাদিত ' Directory of Little Magazines,Small Presses and underground Newspapers ' এর ১৯৭১ সংস্করণের প্রচ্ছদটি প্রকাশিত হয়।

এই সমস্ত বই এবং ডিরেক্টরিতে কী ভাবে একটি পত্রিকাকে চিহ্নিত করা হচ্ছে লিটল ম্যাগাজিন হিসেবে, কী ভাবেই বা একটি অন্তর্ভুক্ত পত্রিকা বাদ পড়ছে পরবর্তীতে প্রকাশিত অপর কোনো ডিরেক্টরি থেকে তা গবেষণার পরিপ্রেক্ষিতে হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন করা কি অমূলক হবে, কেন ১৯৪৬ এ প্রকাশিত বইতে হফম্যান পরিশিষ্টে রাখলেন এক ' সাপ্লিমেন্টারি তালিকা ' যার মধ্যে উল্লিখিত পত্রিকাগুলি তাঁর নিজের দেওয়া লিটল ম্যাগাজিন সংজ্ঞা অনুসারে পাশ নম্বর পায় না? এই ' সাপ্লিমেন্টারি তালিকায় ' তিনি উল্লেখ করেছেন Camera Work, The Smart Set, এলিয়ট সম্পাদিত Criterion, Theatre Arts Magazine, এমা গোল্ডম্যান সম্পাদিত ' Mother Earth ' ও ' 291 ' এবং ' The Dial ' এর নামও! অথচ বর্তমানে ডিজিটাইজেশনের মাধ্যমে Camera Work291 জায়গা পেয়েছে সারা বিশ্বের কেন্দ্রিয় রিপোজিটরি ' আভাঁ গার্দ ' আর্কাইভে। একটু এগিয়ে বললে, হফম্যান কি দ্বিধাগ্রস্থ ছিলেন তাঁর লিটল ম্যাগাজিন সংজ্ঞা নির্ণায়নে? ১৯৮৬ তে প্রকাশিত এডওয়ার্ড চিয়েলেন্স এর ' American Literary Magazines : The Twentieth Century 'তে ঠিক একই কাজ করেছেন, বইয়ের শেষে ছেপেছেন সাপ্লিমেন্টারি তালিকা যার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে The Soil, The PaganMother Earth এর মতো লিটল ম্যাগাজিন। লেখকের বা সম্পাদকের ব্যক্তিগত অভিমতে লিটল ম্যাগাজিনের শ্রেণিবিন্যাস কতটা জটিল তা এই সমস্ত বই দেখলেই আমরা বুঝতে পারি। একই সঙ্গে বুঝি সংজ্ঞার ক্রমবিবর্তন, কারণ ডিজিটাইজেশন পরবর্তী যুগ বদলে দিয়েছে ' লিটল ম্যাগাজিন ' নামক ধারনাটিকেই।

American Literary Magazines : The Twentieth Century

 


' A little magazine is not merely a passive background or blank page for a modernist text; it's contents, covers, paper quality,illustrations and prints, advertisements,manifestos and editorials shape the meaning and reception of a text. ' লিখেছিলেন চার্চিল তাঁর ' Little Magazine "Others" ' বইতে। 

Little Magazine "Others"

তাঁর এই বক্তব্যকে মান্যতা দিলে, যে বিষয়গুলি ক্রমশ আমাদের কাছে পরিষ্কার হতে থাকে, তা কিছুটা এইরকম। শুরু করা যাক, উইলিয়াম মস সম্পাদিত ' Contact ' এর তৃতীয় সংখ্যায় প্রকাশিত সম্পাদকের নিজের লেখা " The Advance Guard Magazine " দিয়ে। এই প্রবন্ধে তিনি বাণিজ্যিক পত্রিকার সঙ্গে তুলনা করেছিলেন বিভিন্ন বই, প্যামফ্লেট ও অবাণিজ্যিক পত্রিকার কনটেন্ট এর। অপরদিকে হফম্যান তাঁর ১৯৪৬ এর বইতে লিখলেন, " The Little Magazines stood from 1912 onwards,defiantly in the front ranks of the battle for matured literature...many editors contend that ' advance guard ' is a better name for their magazines than ' little '... What the word designated above everything else was a limited group of intelligent readers. " এই বক্তব্যে লেখক বুদ্ধিমান পাঠক বলতে কী বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। একজন পাঠককে বুদ্ধিমান / বুদ্ধিহীন শ্রেণিভুক্ত করা কতটা যুক্তিযুক্ত, সে বিষয়ে প্রশ্ন থেকে যায় বইকি! এই একই লেখায় হফম্যান বাণিজ্যিক পত্রিকাকে সম্বোধন করেন ' rear guard ' বলে। লেখেন, " commercial publishers --- the large publishing houses and the big ' quality ' magazines are the rear guard ".যে বক্তব্যের সমর্থনে তিনি উল্লেখ করেছেন, ১৯৪৩ এ প্রকাশিত চার্লস অ্যালেন এর ' The Advance Guard : Study of the Little Magazines ' প্রবন্ধের একটি সমীক্ষা ভিত্তিক তথ্য। এই তথ্য অনুসারে, ১৯১২ পরবর্তী আমেরিকান সাহিত্যে আগত নতুন লেখকদের মাত্র ২০% কেই প্রকাশ করেছে বাণিজ্যিক কাগজগুলি। এই একই প্রবন্ধে অ্যালেন লিখেছিলেন, ' any periodical whose motivating purpose is first of all to present artistic work by unknown or relatively unknown writers may be called a little magazine'. এই প্রবন্ধটিতে দেওয়া চার্লস অ্যালেনের সমীক্ষা ভিত্তিক তথ্য ও লিটল ম্যাগাজিন সংজ্ঞা পরস্পরবিরোধি হয়ে পড়লো না তো? অর্থাৎ এই নির্দিষ্ট সংজ্ঞা এক অর্থে সঠিক হলেও, হয়ে পড়লো বিভ্রান্তিমূলক ( তাঁর নিজের দেওয়া তথ্য অনুসারে বাণিজ্যিক পত্রিকাতেও ২০% নতুন লেখক আছেই) ? কারণ আমেরিকান লিটল ম্যাগাজিন ' The Seven Arts ' এর সম্পাদক যেমন একাধারে তাঁর পত্রিকা ছাপানোর খরচ উপার্জন করেছেন বাণিজ্যিক কাগজে লিখে আবার অপর দিকে ' দ্য সেভেন আর্টস' এর সূচিতে পাওয়া যাবে এমন কিছু নাম যাঁরা আমেরিকান বাণিজ্যিক ও লিটলে সমান্তরাল ভাবে লিখে গিয়েছেন। ঘটনা হলো, এরকম বহু লেখকের নামই উল্লেখ করা যায় যাঁরা বাণিজিক পত্রিকায় লিখে অর্থনীতির জায়গাটিকে পূরণ করে লিখেছেন প্রতিষ্ঠানবিরোধি / পরীক্ষামূলক লেখা যেগুলি প্রকাশিত হয়েছে The Little Review, Others কিংবা The Pagan এর মতো লিটল ম্যাগাজিনে। ১৯৬৫ তে গবেষক সাইরিনা পনড্রম তাঁর ' English Literary Periodicals ' শীর্ষক গবেষণার অভিসন্দর্ভে লেখেন " advance guard little magazines perform the following functions : publish able new writers,produce a ferment of ideas,judge work by literary standards and thus shield the writers from commercial or social demands,extend the audience for good work, provide a place for untrameled experiments and offer the writer a literary milieu and an audience. "


গবেষক সাইরেনার দেওয়া সংজ্ঞা অনুসারে যে প্রশ্নটি খুব জোরালো ভাবে উঠে আসে, তা হলো লেখকের ব্যক্তি স্বাধীনতাও তো একটা ফ্যাক্টর? লেখক যদি মনে করেন তাঁর কোনো advance guard এর প্রয়োজন নেই তাহলে? যদি মনে করেন তিনি স্বাধীন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই লিখছেন ফরমায়েসি লেখা? না, তাহলে কোনো লিটল ম্যাগাজিন কর্মীর আর কিছুই বলবার থাকে না। বহু লেখকই মনে করেছেন বা এখনও মনে করেন, যত বেশি পাঠক, ততই শিল্পের স্বার্থকতা। ফলে তাঁরা যেমন বাণিজ্যিক কাগজে বেশি সংখ্যক পাঠকের জন্যে কলম ধরতে কুণ্ঠিত নন তেমনই হাত ছাড়েননি লিটল ম্যাগাজিনেরও। বাণিজ্যিক কাগজ থেকে উপরি পাওনা বাবদ অর্থ কিছু ক্ষেত্রে যেমন মিটিয়েছে তাঁদের ব্যক্তিগত শখ-আহ্লাদ তেমনই কিছুটা অংশ হয়তো কাজে লেগেছে লিটল ম্যাগাজিনের জন্যে প্রতিষ্ঠানবিরোধি একটি লেখা লিখতে? ' Commerce ' ( বাংলায় বাণিজ্য) শব্দের অভিধানিক অর্থ যে শুধু 'ব্যবসা' নয়, 'সাংস্কৃতিক আদান প্রদান 'থেকে শুরু করে ' যৌন সঙ্গম 'ও! 

Comments