।। পোলিশ আভাঁ গার্দ ও ' ফর্মিস্ট '।।

সুশোভন রায়চৌধুরী


সাল ১৯১৭। পোল্যান্ডের মাটিতে, পোলিশ এক্সপ্রেশনিস্টদের তত্ত্বাবধানে জন্ম নিলো আভাঁ গার্দ। এক্সপ্রেশনিস্ট ঘরানায় উদ্বুদ্ধ দুই ভাই Zbigniew Pronaszko ও Andrzej Pronaszko এবং Tytus Czyzewski ঠিক করলেন, Mloda Poland বা তরুণ পোল্যান্ড গোষ্ঠীর সঙ্গে মেলবন্ধন ঘটাবেন ইয়োরোপীয় আভাঁ গার্দের তিন ভিন্ন শিল্প- তত্ত্ব প্রচারকারী গোষ্ঠী ফিউচারিস্ট, কিউবিস্ট ও এক্সপ্রেশনিস্টদের ।


পোলিশ এক্সপ্রেশনিস্টরা যখন প্রথম দিকে প্রচার করতে চাইছেন তাঁদের শিল্প ভাবনা তখন পোল্যান্ডের মাটিতে সেরকম কোনো উল্লেখযোগ্য লিটল ম্যাগাজিন ছিল না। প্রথমদিকে তাঁদের আঁকার প্রিন্ট প্রকাশিত হয়েছে পোজনান অঞ্চলের Zdroj পত্রিকায়। আর পোলিশ এক্সপ্রেশনিজম ও ফিউচারিজমের প্রথম দিকের যাবতীয় ইস্তেহার প্রকাশিত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে। (প্রকাশিত হয়েছিল পোলান্ডের ক্রাকও শহর থেকে।) জানুয়ারি, ১৯১৮। প্রকাশিত হলো লিটল ম্যাগাজিন ' Maski ' যেটিতে প্রথম প্রকাশিত হতে দেখা গেল পোলিশ আভাঁ গার্দের প্রথম প্রবন্ধ Zbigniew Pronaszko এর লেখা ' On Expressionism '. ১৯১৮ তেই ' Maski' র প্রথম চারটি সংখ্যায় প্রকাশ পেল Leon Chwistek এর ' The Multiplicities of Realities in Art ' শীর্ষক প্রবন্ধ, কিস্তি আকারে। ১৯১৯ এ প্রকাশিত পোলিশ ' লিটল ' ' Wianki 'তে দেখা গেল Tytus Czyzewski র লেখা ' পোলিশ শিল্পের সাম্প্রতিক প্রবণতা '। তিনি লিখলেন, " প্রতি নিয়ত নতুন ফর্ম ও সমসাময়িক একটা নতুন স্টাইলের খোঁজে পোল্যান্ডের সমস্ত তরুণ শিল্পীই মুখিয়ে। " এই সমসাময়িক স্টাইলটাকেই তাঁরা পরবর্তীতে সম্বোধন করেন ' ফর্মিজম ' নামে। ১৯১৯ এ প্রথম ' ফর্মিজম ' শব্দটি ছাপার অক্ষরে দেখা গিয়েছিল যার অব্যবহিত পরেই ' পোলিশ এক্সপ্রেশনিজম ' শব্দের ব্যবহার ক্রমশ কমতে থাকে। ' ফর্মিজম ' শব্দের মধ্যেই তাঁরা অন্তর্ভুক্ত করে নেন আভাঁ গার্দের তিন ভিন্ন তত্ত্ব - ফিউচারিজম, কিউবিজম ও এক্সপ্রেশনিজমকে। যে মূহুর্তে লিখিত আকারে প্রকাশ পেল ' ফর্মিজম ' ফর্মিস্ট গ্রুপের দুই প্রধান সদস্য ত্যাগ করলেন ' Maski ' ও ' Wianki ' র সংসর্গ।


Maski Wianki দুটি পত্রিকাই ছিল উন্নত মানের সে তার কনটেন্ট হোক অথবা অলংকরণে শিল্পী স্তানিস্ল উইসপিয়ানস্কির কারুকাজের ফলে। ফর্মিস্ট শিল্পের প্রচার ছাড়াও তাঁরা প্রকাশ করেছেন তরুণ শিল্পী জাসেক ম্যালজিউস্কি ও জোসেফ মেহোফারের আঁকাও। যদিও এই দুই পত্রিকার গ্রাফিক প্যাটার্ন ছিল বিশ্বযুদ্ধ পূর্ববর্তী কিছু শিল্প- সাহিত্যের সাময়িকীর মতো যাঁদের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম Zycie, Rydwan Museion. এক কথায় Maski বা Wianki কোনো ভাবেই পত্রিকার ডিজাইন ও অলংকরণে কোনোরকম পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটেনি। হয়তো এটাই ছিল ফর্মিজম - এ বিশ্বাসী শিল্পীদের পত্রিকা ছাড়বার অন্যতম কারণ ?

Formisci.Wystawa III

 
সেপ্টেম্বর, ১৯১৯। ক্রাকওতে ' অ্যাসোসিয়েশন অফ দ্য ফ্রেন্ডস অফ দ্য ফাইন আর্টস ' এ শুরু হলো চিত্রকলার প্রদর্শনী যা ছিল ফর্মিস্ট গোষ্ঠীর প্রথম কোনো স্বতন্ত্র উদ্যোগ। এই প্রদর্শনী উপলক্ষ্যেই প্রকাশিত হয়েছিল তাঁদের প্রথম ইস্তেহার Formisci.Wystawa III ( অর্থাৎ ' ফর্মিস্ট তৃতীয় প্রদর্শনী।) এখন প্রশ্ন, যেখানে ' ফর্মিজম ' আগে ছিল না,সেখানে এই প্রদর্শনীকে তৃতীয় কেন বলা হচ্ছে ? সম্ভব্য কারণ এটি হতে পারে। যেহেতু ' ফর্মিজম ' একেবারে মৌলিক কোনো শিল্প তত্ত্ব নয়, ফিউচারিজম, কিউবিজম ও এক্সপ্রেশনিজমকে একত্রিত করে গঠিত, তাই এই তিন ঘরানা ভিত্তিক প্রদর্শনীর আয়োজন হয়তো তাঁরা আগেই দু' বার করেছেন? এই তৃতীয় প্রদর্শনী থেকেই জন্ম নিল পোল্যান্ডের প্রথম আভাঁ গার্দ লিটল ম্যাগাজিন ' Formisci '. সদ্যজাত পত্রিকার সম্পাদকীয়তে দুই সম্পাদক Czyzewski ও Chwistek লিখেছেন, " Encouraged by the positive reception of the catalogue of our third exhibition, we have decided to publish a monthly magazine devoted to our work."

Formisci ( First Issue )


অতএব পত্রিকা হবে মাসিক এবং দপ্তর হয়ে দাঁড়ালো ক্রাকও শহরের ৫, ক্রিস্টা স্ট্রিট যেটি ছিল সম্পাদক Czyzewski র বাড়ি। Formisci র প্রথম দুটি সংখ্যাতে সম্পাদক অপরিবর্তিত থাকলেও তৃতীয় সংখ্যা থেকে Czyzewski র সঙ্গে দেখা যায় কনরাড উইঙ্কারের নাম। ভালো করে লক্ষ করলে দেখা যাবে যে Zbigniew ছিলেন ফর্মিজম- পূর্ববর্তী ' পোলিশ এক্সপ্রেশনিজম ' এর তাত্ত্বিক, তাঁর একটি লেখাও প্রকাশিত হয়নি Formisci তে। এই পত্রিকায় Zbigniew সীমাবদ্ধ থাকলেন তাঁর সামান্য কিছু স্কালপচারের ছবি প্রকাশের মধ্যেই। প্রাথমিক ভাবে মনে হতে পারে যেহেতু Formisci সম্পাদক ছিলেন ' ফর্মিজম ' এর প্রচারক তাই ' এক্সপ্রেশনিজম ' নিয়ে খুব একটা আগ্রহ দেখাননি। তবে আমরা যাকে ' তিল ' ভাবছি সেটাই রীতিমতো ' তাল ' হয়ে দেখা দিল। শুরু হলো প্রোনাজকো শহর থেকে প্রকাশিত ' এক্সপ্রেশনিজম ' ঘরানার লিটল ম্যাগাজিন Zdroj এর সঙ্গে Formisci র গোষ্ঠী দ্বন্দ্ব।


Formisci র প্রকাশিত হয়েছে মাত্র ছ'টি সংখ্যা। আত্মপ্রকাশ সংখ্যা ছিল এক ফর্মার। প্রকাশক ক্রাকও এর মিউজিয়াম অফ ইন্ডাস্ট্রি। তাঁদের ইস্তেহারের গ্রাফিক লে- আউটটাকেই বজায় রাখা হয়েছিল আত্মপ্রকাশ সংখ্যায়। মাসিক রূপে প্রকাশের অঙ্গীকারবদ্ধ হলেও দু' বছরের সময়কালে সংখ্যা প্রকাশিত হয়েছে অনিয়মিত ভাবে। কারণ, সহজেই অনুমেয়, টাকার অভাব। যার কথা তাঁরা পত্রিকার দ্বিতীয় সংখ্যাতেই লিখেছেন। দ্বিতীয় সংখ্যাটি ছিল বারো পৃষ্ঠার, দাম পনেরো মার্কস, প্রকাশ পায় আত্মপ্রকাশের ছ' মাস পর, এপ্রিল ১৯২০ তে। তৃতীয় সংখ্যাটি একাধারে তাঁদের সংখ্যা ও ফাইন আর্টস আকাদেমিতে আয়োজিত চতুর্থ প্রদর্শনীর ক্যাটালগ হিসেবে কাজ করেছে। এটি আগের মতোই বারো পৃষ্ঠার, দাম অপরিবর্তিত। তবে চতুর্থ থেকে ষষ্ঠ সংখ্যার দাম ঘোরাফেরা করেছে পঞ্চাশ থেকে ষাট মার্কসের মধ্যে। শেষ তিনটি সংখ্যার প্রকাশ যথাক্রমে এপ্রিল, মে ও জুন ১৯২১ এ। মাসিক রূপে প্রকাশের অঙ্গীকারবদ্ধ পত্রিকা যদি তাঁদের শেষ তিনটি সংখ্যা মাসিক ভাবেই প্রকাশ করে থাকে, তার সম্পূর্ণ কৃতিত্ব বর্তায় ভাস্কর ফেলিক্স আন্তোনিওর ওপর, যিনি ১৯২০ তেই পাহৃ থেকে ফিরেছিলেন পোল্যান্ড।

প্রথম বিশ্বযুদ্ধ শেষে ইয়োরোপ যে অর্থনৈতিক ভাবে কতটা দুর্বল হয়ে পড়েছিল তার সবচেয়ে বড়ো প্রমাণ এই সময়ে প্রকাশিত লিটল ম্যাগাজিনগুলি। Formisci-ও তার ব্যতিক্রম নয়। তত্ত্ব আলোচনা, কবিতা ও শিল্পের প্রিন্ট এমন গাদাগাদি করে এক একটা পাতায় ঠাসা হতো, দেখলে মনে হবে খাঁচায় মুর্গি পোরা চলছে। যদিও পোলিশ শিল্প সমালোচক বোজেনা লেওয়ান্ডোস্কার মত সম্পূর্ণ ভিন্ন। তিনি মনে করেন, " The layout of the magazine was clear and transparent devoid of the vignettes and ornaments so generously lavished, for example on the contemporary publication 'Zdroj '...The editors of Formisci based their publications on French Magazines under the patronage of Guillaume Apollinaire.It was not just the 'Formists' covers designed by the group members themselves, that played a decisive role in the magazine's innovative appearance but above all the graphic arrangement of certain texts especially the poetic compositions of the editor in chief."

Zdroj 

Formisci সম্পাদক Czyzewski র সঙ্গে ফরাসি কবি আপোলিনার প্রথম দেখা বিশ্বযুদ্ধের আগেই। Czyzewski তখন তাঁর পড়শি দেশগুলো ঘুরে সেখানকার লিটল ম্যাগাজিন কর্মীদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছেন, দেখতে চাইছেন তাঁদের প্রকাশিত বিভিন্ন লিটল ম্যাগাজিন, পোতি হ্রভু, রিভিস্তা, এফিমেরা, ঝুরনাল ও জেইতস্ক্রিফটের রূপ। আপোলিনার পোতি হ্রভু সম্পাদনায় নিযুক্ত হন ১৯১২ সালে তাঁর পত্রিকা Chronique des grands Siecles de la France এর মাধ্যমে। তিনি পরবর্তীতে যুক্ত হন Les Soirees de Paris পত্রিকাতেও যেটিকে তৎকালীন ফ্রান্সের শিল্পী- সাহিত্যিকদের মূল আড্ডা বলে ধরা হতো। Czyzewski তাঁর সম্পাদিত Formisci র জুন , ১৯১৯ সংখ্যায় প্রকাশিত ' The Poetry of the Expressionists and Futurists ' প্রবন্ধে উল্লেখ করেছেন তাঁর ফরাসি দেশের আড্ডার কথা। এই একই প্রবন্ধে তিনি বলেছেন আভাঁ গার্দে উদ্বুদ্ধ কোন কোন লিটল ম্যাগাজিন তিনি ছুঁয়ে দেখতে সক্ষম হয়েছিলেন। তিনি যেমন হাতে পেয়েছেন পাহৃ থেকে প্রকাশিত Les Soirees de Paris, পেয়েছিলেন ইতালির ফ্লোরেন্স থেকে প্রকাশিত ফিউচারিস্ট রিভিস্তা Lacerba ও। Lacerba তে প্রকাশিত আপোলিনারের দু' টি ফরাসি কবিতার পোলিশ অনুবাদ তিনি Formisci র তৃতীয় ও চতুর্থ সংখ্যায় ছাপেন।

Chronique des grands Siecles de la France

Les Soirees de Paris

Lacerba 

 
Formisci র প্রথম সংখ্যায় আপোলিনারের কবিতা ' Hunting Horns ' মূল ফরাসিতেই প্রকাশিত হয়। যার ঠিক পরেই সম্পাদক লিখেছেন তাঁর ' The enemies of Formism and their Psychology ' শীর্ষক প্রবন্ধ। মাত্র ষোলো পাতার সংখ্যায় এই প্রবন্ধ এতটাই জায়গা খেয়ে নেয় যে বাকির কনটেন্ট প্রকাশের ক্ষেত্রে সম্পাদককে বেগ পেতে হয়েছিল। দ্বিতীয় সংখ্যা মাত্র বারো পাতার হলেও বিষয়ের গভীরতায় এটি ছাপিয়ে গিয়েছে আত্মপ্রকাশ সংখ্যাকে। দ্বিতীয় সংখ্যার প্রথম লেখাটাই ছিল ফর্মিস্ট তাত্ত্বিক Chwistek এর ' Formism ' শীর্ষক প্রবন্ধ যেখানে তিনি ফরাসি কিউবিজমের সঙ্গে পোলিশ ফরমিজমের পার্থক্য নিয়ে আলোচনা করেন। এই প্রবন্ধে তিনি লেখেন, " in Poland a different style is beginning to emerge, [ one ] which is ours alone. ' এই বক্তব্য কিছুটা হলেও পোলিশ শিল্পী লুইস মারকৌসিসের বক্তব্যকে তুলে ধরে যিনি সেই সময়ে ফ্রান্সের পোলিশ কলোনিতে থেকে ফরাসিদের মধ্যে পোলিশ ফর্মিজমের প্রচারে ব্যস্ত। শিল্পী মারকৌসিসকে Czyzewski তাঁর পত্রিকার জন্যে লেখা ও ছবি জোগাড়ের দায়িত্ব দিয়েছিলেন। ডিসেম্বর, ১৯১৯ এ তিনি Formisci র একটি সংখ্যায় লুইসের একটি চিঠি প্রকাশ করেন যার মাধ্যমে আমরা তৎকালীন ফরাসি আভাঁ গার্দ গোষ্ঠী সম্পর্কে জানতে পারি। তিনি লেখেন, পোলিশ আভাঁ গার্দের উত্থান বিষয়ে তাঁর সঙ্গে ফরাসি গোষ্ঠীর কথাও হয়েছে। লিখেছেন, " I told Polish and French colleagues about your efforts ; they were very interested in them. I will send you news from here as long as you intend to publish Formisci from time to time. " পাহৃ থেকে মারকৌসিস পাঠাতেন বিভিন্ন পোতি হ্রভু, পোতি হ্রভু সম্পর্কিত খবরাখবর ও নিজের আঁকা কিছু ছবির প্রিন্ট। একবার যেমন পাঠিয়েছিলেন ' Nord Sud ' সঙ্গে পোলিশ শিল্পী গোষ্ঠীর আঁকা ছবি।

Nord Sud ( First Issue )

 
মারকৌসিসের পাঠানো চিঠি থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার। তিনি ফ্রান্সের আভাঁ গার্দে উদ্বুদ্ধ শিল্প বিষয়ক পোতি হ্রভুর ওপর নজর রাখতেন। যেমন, ১৫ মার্চ, ১৯১৭ থেকে অক্টোবর, ১৯১৮ র মধ্যে প্রকাশিত ' Nord Sud ' পাঠানোর সময়ে সংযুক্ত চিঠিতে লেখেন, " Beside Roch Grey ( Russian), Vicente Huidobro ( Spanish) , all the remaining contributors to Nord Sud were French Citizens.Two of these, Apollinaire and Braque even had to have their skulls patched up,they had been so badly treated.The theoretician of the group was the youngest of all Reverdy, while the leader was Wilhelm Kostrowicki...of the other magazines that are out, there is also Birot's comic 'Sic'... there is the properly managed monthly, ' Litterature '. In a few days time an issue of ' Action ' which sounds promising is due to appear. "

Sic ( fifth issue )


Sic প্রকাশিত হয়েছে ১৯১৬ থেকে ১৯১৯ পর্যন্ত। Litterature এর প্রকাশ ১৯১৯ থেকে ১৯২১। দু' টো পত্রিকাতেই প্রকাশিত হয়েছে ডাডাইস্ট ও ফিউচার সুররিয়ালিস্ট কবিতাও। কিন্তু নভেম্বর, ১৯১৯ থেকে জুন, ১৯২২ এর মধ্যে প্রকাশিত, ফ্লোরেন্ট ফেলস সম্পাদিত ' Action ' ছিল ডাডাইস্ট তত্ত্বের বিরোধি। অদ্ভূত হলেও সত্যি যে মারকৌসিস তাঁর লেখা চিঠিতে ফ্রান্সের বিশ্বযুদ্ধ অন্তরবর্তী সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আভাঁ গার্দে উদ্বুদ্ধ পোতি হ্রভু L' Espirit Nouveau এর কথা উল্লেখ করতে ভুলে গিয়েছেন। এই পত্রিকা ছিল পিওরিস্টদের মুখপত্র যাঁরা শিল্প সমালোচনার পাশাপাশি কাজ করেছেন ফরাসি কবিতা নিয়েও। Formisci র প্রথম পাঁচটি সংখ্যায় ফরাসি ভাষার প্রতিনিধিত্ব করেছেন আপোলিনার, হ্রোভার্দি ও পল এলুয়ার্ড। এক ঝাঁক পোলিশ কবির মাঝে ফরাসি কবির প্রতিনিধিত্ব সম্পাদকের ফরাসি ভাষার প্রতি অনুরাগের প্রতি দৃষ্টি আকর্ষণ করায়। দ্বিতীয় সংখ্যায় পাওয়া যাবে রাশিয়ান কবি ব্রুনো জাসিয়েনস্কি ও স্তানিসল মোডোজেনিয়েকের কবিতা, যাঁরা বলশেভিক অন্দোলনের ফলে রাশিয়া থেকে ফিরে আসেন পোল্যান্ড। ১৯২১ এর মাঝামাঝি সময়ে ব্রুনো জাসিয়েনস্কি ও Czyzewski গঠন করেন ফিউচারিস্ট গোষ্ঠী যদিও তাঁদের এই নব নির্মিত দর্শনকে কেন্দ্র করে কোনো লিটল ম্যাগাজিনের প্রকাশ তাঁরা করেননি। তাঁদের যাবতীয় বক্তব্য প্রকাশিত হয় লিফলেট আকারেই। Formisci র চতুর্থ সংখ্যা যখন প্রকাশ পাচ্ছে তখন তাঁদের গোষ্ঠীভুক্ত লেখকের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে কুড়ি। পোল্যান্ডের ওয়ারস, ক্রাকও ও লডজ অঞ্চলের 'ফর্মিস্ট' রা যেমন প্রত্যেকেই যুক্ত হয়েছেন পত্রিকার সঙ্গে, সে সাহিত্যিক ওন, সুরকার হোন বা শিল্পী, দেশের বাইরে থেকে যুক্ত ছিলেন কুলেনোভিক, মারকৌসিস ও বোরস্কি। মজার বিষয় এই পত্রিকাতে কোনো দিন সম্পূর্ণ সূচিপত্র ছাপা হয়নি। সম্পাদক নিজে যে লেখাগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন, শুধুমাত্র সেগুলোরই একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করতেন। আবার এরকম কিছু লেখকের নামও এই তালিকাতে পাওয়া যায় যাঁদের লেখা কোনো দিনই Formisci তে প্রকাশিত হয়নি!

L' Espirit Nouveau ( first issue )

 
Litterature 

Formisci
র প্রথম পাঁচটি সংখ্যা একেবারে বাঁধাধরা গতেই চলেছে। সম্পাদক নিজেই লিখতেন তাত্ত্বিক গদ্য। সাহিত্য বিভাগ দখল করেছিলেন ক্রাকও- এর ' ফিউচারিস্ট ' ও পাহৃর আভাঁ গার্দ কবিরা যেখানে অলংকরণের সম্পূর্ণ দায়িত্ব ছিল গোষ্ঠীর শিল্পীদের হাতে। পত্রিকার প্রচ্ছদে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে Hrynkowski ও Chwistek কে যদিও দু' টি সংখ্যার প্রচ্ছদ সম্পাদক Czyzewski নিজেই করেছিলেন। এই বাঁধাধরা গতের পরিবর্তন ঘটলো শেষ সংখ্যায়। সংখ্যাটা ছিল ইয়োরোপীয় সাহিত্যের উন্নতি বিষয়ক আলোচনার যেখানে অবধারিত ভাবেই ঢুকেছে সাম্প্রতিক সাহিত্য ও শিল্পের ট্রেন্ড। শেষ সংখ্যার প্রথম লেখাটাই ছিল উইঙ্কলারের ' On the new pathways of Art ' যেখানে তিনি সমসাময়িক শিল্পের দুই ভিন্ন ঘরানা ' কিউবিস্ট ' ও রাশিয়ান ' তাতলিনিস্ট ' নিয়ে আলোচনা করেছেন। এক কথায় বলতে গেলে পোলিশ লিটল ম্যাগাজিন Formisci হয়ে উঠেছিল ইয়োরোপীয় আভাঁ গার্দের এক অনন্য প্ল্যাটফর্ম। শিল্প বিভাগে যখন ছাপা হচ্ছে অঁদ্রে দেরেইন, পাবলো পিকাসো, আলেকজান্ডার আর্কিপিয়েঙ্কো ও নোরা বোর্হেস এর আঁকার প্রিন্ট ( নোরা বোর্হেস হলেন স্প্যানিশ সাহিত্যক বোর্হেসের বোন) তখন সাহিত্য বিভাগে স্থান পাচ্ছেন আপোলিনার ( ফ্রান্স) ও ইভান গল ( জার্মানি) । যেমন প্রকাশিত হচ্ছে ফরাসি ও জার্মান ডাডা- কবিতা তেমনই দেখা যাচ্ছে ইতালি ও রাশিয়া থেকে ' ফিউচারিস্ট ' কবিদের প্রতিনিধিত্ব। Formisci তে তখন লিখছেন আলদো পালজেশি, ভ্লাদিমির মায়োকোভস্কি, ভেলিমির ক্লেবনিকভ ও উমবার্তো রিভাস। অনুবাদ বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন Tadeusz Pieper. বহু বছর স্পেনে কাটানোর পর, যখন ১৯২১ এ পাইপার পোল্যান্ডে ফিরলেন, ফেরবার পথে ফ্রান্স ও জার্মানির আভাঁ গার্দ আন্দোলনটিকে ভালো করে দেখে ও বুঝে এসেছিলেন। পোল্যান্ডে ফিরলেও তিনি তাঁর পুরোনো স্প্যানিশ বন্ধুবান্ধব বিশেষত রিভিস্তা ' Ultra ' র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন। ' Ultra ' তখন হয়ে উঠেছে মাদ্রিদের আভাঁ গার্দ আন্দোলনের নেতৃত্বস্থানীয় পত্রিকা। ' Ultra ' র দশম সংখ্যার প্রকাশ হয় ১০ মে, ১৯২১ এ। এই সংখ্যাতে পাইপারের নাম পত্রিকার পোলিশ মুখপত্র হিসেবে ছাপা হয়েছে। ১৯২১ এর মার্চেই, পাইপার ফিরে আসেন পোল্যান্ডের ক্রাকও শহরে। ফেরবার কিছুদিনের মাথায় হাতে পান Ultra র পঞ্চম সংখ্যা যেটি প্রকাশিত হয়েছিল ১৭ মার্চ, ১৯২১ এ। এই সংখ্যাতে প্রকাশিত নোরা বোর্হেসের একটি ছবির প্রিন্ট ও উমবার্তো রিভাস - এর ' Ocean ' পুনর্মুদ্রিত হয় Formisci র শেষ সংখ্যায়। ( জুন, ১৯২১) পোলিশ ' লিটল ' ও স্প্যাইশ ' রিভিস্তা ' র মাঝে সৌজন্যবোধ ছিল দেখবার মতো। ২০ অক্টোবর, ১৯২১ এ প্রকাশিত Ultra র ষোলোতম সংখ্যায় Formisci র শেষ তিনটি সংখ্যার প্রাপ্তি সংবাদ জানাতে গিয়ে লেখা হয়েছে, " el organo de los artistas polacos de vanguardia " অর্থাৎ তাঁরা Formisci কে সম্বোধন করেছেন ' The Mouthpiece of the Polish Avant - Garde artist ' বলে। এছাড়াও Formisci বন্ধ হওয়ার পরেও তাঁদের ' ফর্মিজম ' বিষয়ক লেখা প্রকাশিত হয়েছে ' Ultra ' তে।

Ultra 

 
এর পর নভেম্বর, ১৯২১ এ ওয়ারস থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিন Nowa Sztuka হয়ে ওঠে পোলিশ ও মাদ্রিদের আভাঁ গার্দ ভাবনায় উদ্বুদ্ধ লেখকদের প্ল্যাটফর্ম। Nowa Sztuka র সম্পাদক হলেন Pieper ও Stern যাঁদের প্রথম পরিচয় হয় Formisci র শেষ সংখ্যায় অনুবাদ করবার সুবাদে। ওয়ারসতে Nowa Sztuka মাত্র দুটি সংখ্যা প্রকাশের পরেই হয়ে যায় বন্ধ। ফলে অন্যতম সম্পাদক পাইপার চেয়েছিলেন এটিকে ক্রাকও থেকে নতুন করে প্রকাশ করতে। তবে শেষ পর্যন্ত ১৯২২ এ তিনি জন্ম দেন এক সম্পূর্ণ নতুন লিটল ম্যাগাজিন Zwrotnica র।

Zwrotnica 

 
Nowa Sztuka

নভেম্বর, ১৯২১ এ যখন Nowa Sztuka র আত্মপ্রকাশ হলো, সেই একই মাসে জুলিয়াস রটার্সম্যানের ' পোলিশ ফর্মিজম ' নিয়ে একটি লেখা প্রকাশিত হয় মিউনিখে, জেইতস্ক্রিফট ' Der Ararat ' এ। প্রথম বিশ্বযুদ্ধের পর পোল্যান্ডের ক্রাকও থেকে রটার্সম্যান পৌঁছোন মিউনিখ যোগ দেন সেখানকার পোলিশ ভাষী ইহুদি গোষ্ঠীর সঙ্গে। লেখালেখি শুরু করেন জেইতস্ক্রিফট ' Jerubbal ' এ। যার ট্যাগলাইন ' Eine Zeitschrift der judischen Jugend ' অর্থাৎ ' A Magazine for Jewish Youth '. হঠাৎ রটার্সম্যানের কথা কেন বলছি ? বলছি কারণ তিনি শুধু Formisci র জন্যে জার্মান অনুবাদ করেই ক্ষান্ত হননি, তাঁর জার্মান থেকে পোলিশে অনুদিত আভাঁ গার্দ নাটক ' Gaz ' ছিল পোল্যান্ডের মাটিতে মঞ্চস্থ প্রথম কোনো প্রতিষ্ঠানবিরোধি নাটক। ( নাটকটি মঞ্চস্থ হয় Juliusz Slowacki Theatre এ, ২২ এপ্রিল, ১৯২২ সালে।) 


Der Ararat এর আত্মপ্রকাশ ১৯২০ সালে সামান্য রাজনৈতিক লিফলেট আকারে হলেও পরবর্তীতে হয়ে উঠেছিল ইয়োরোপীয় শিল্প চর্চার অন্যতম প্রধান পত্রিকা। নামটা দেখে হয়তো অনেকেই এর মধ্যে ইহুদি ধর্মের প্রভাব খুঁজবেন। কিন্তু কোনো ভাবেই ' Der Ararat ' ধর্মীয় প্রচারের সঙ্গে যুক্ত ছিল না। সম্পাদক হ্যান্স গোল্টজ এর ভাষায়, " Above all Germany, which had created the elevated idea of world literature,which was called to once again lay the foundations of the international- or, better- supranational pathways of art and spirituality,diluted by war." গোল্টজ তখন মিউনিখের এক শিল্প প্রদর্শশালার মালিক। তিনি তাঁর জেইতস্ক্রিফটের মাধ্যমে ব্যস্ত জার্মান এক্সপ্রেশনিজমের প্রচারে। প্রকাশ করছেন চেকোশ্লোভাকিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস, হাঙ্গেরি, ইতালি, রাশিয়া, স্পেন ও সুইডেনের শিল্পীদের আঁকা। অক্টোবর ১৯২১ এ প্রকাশিত সংখ্যায় দেখা যাচ্ছে সম্পাদক প্রকাশ করেছেন ইয়োরোপের বিভিন্ন দেশ থেকে আভাঁ গার্দে উদ্বুদ্ধ বিভিন্ন লিটল ম্যাগাজিনের তালিকা। যার মধ্যে স্থান পেয়েছিল Formisci ও। পোলিশ লিটল ম্যাগাজিন Formisci সম্পর্কে জার্মান ভাষায় তিনি লিখেছেন, " Order der jungen Kunstler and Dichter Polens " অর্থাৎ ' Mouthpiece of the young artists and poets of Poland '. মজার বিষয় পোতি হ্রভু L' Espirit Nouvou এর একটি সংখ্যায় Der Ararat এর পেনালটিমেট সংখ্যার সূচি প্রকাশিত হলেও কোনো দিনই ফরাসি ভাষার পোতি হ্রভুতে পোলিশ ফর্মিজম নিয়ে আলোচনা প্রকাশিত হতে দেখা যায় না। যদিও জার্মান পত্রিকা Der Ararat এর প্রয়াস লিটল ম্যাগাজিন Lucifer স্বীকার করেছিল তাঁদের সম্পাদকীর মাধ্যমে। ( ১৯২২) Lucifer এ লেখা হয়েছে ---
' Out of the German Magazines devoted to art,Der Ararat is particularly noteworthy.One issue from the magazine,from the end of the preceding year, carried a reproduction of our ' Formists ' Pronaszko,Witkieweiz et all : the above were accompanied by a very brief profile of the movement.... "

 Der Ararat


Formisci র চতুর্থ সংখ্যার সম্পাদকীয়তে লেখা হয়েছিল, " Poland was fortunate to regain their political independence at a time and in circumstances in which her revival coincided with the revival and birth of new social nd aesthetic values in Europe."


শুধু পোল্যান্ড নয় বাদ বাকি ইয়োরোপীয় দেশেই তখন চলছিল শিল্প ও সাহিত্যেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা, জন্ম নিচ্ছিল নিত্য নতুন ফর্ম ও তত্ত্ব। বার্লিন, ড্রেসডেন, মিউনিখ ও পাহৃতে বেশ কিছু পত্র- পত্রিকা একত্রিত হয়ে তৈরি করছিল গোষ্ঠী। হাঙ্গেরিয়ান আভাঁ গার্দের পথিকৃত লাজোস কাসাক যেমন বুদাপেস্টে প্রকাশ করেছেন লিটল ম্যাগাজিন MA, তেমনই প্রাগ থেকে Tvrdsosijni গোষ্ঠী প্রকাশ করেছে Cerven. সার্বিয়াতে প্রকাশিত হয়েছে ঝুরনাল Zenit আবার স্পেনে রিভিস্তা Ultra. অক্টোবর, ১৯১৯ এ প্রকাশিত Formisciও এই ধারার ব্যতিক্রম নয়, যাঁরা শুধুমাত্র পরীক্ষা মূলক শিল্প প্রকাশেই সীমাবদ্ধ থাকেননি, তৈরি করেছেন প্রতিষ্ঠানবিরোধিতার প্যান- ইয়োরোপীয় নেটওয়ার্ক।

Zenit 

MA


Comments